সৌদি ঐতিহ্যের নকশায় রিয়াদ এয়ারের বহরে যুক্ত হচ্ছে প্রথম এ৩২১নিও
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, November 15, 2026
সৌদির রিয়াদ এয়ারের প্রথম এয়ারবাস এ৩২১নিও প্রস্তুত, নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বেদুইন ঐতিহ্য । ছবি- সংগৃহীত
এয়ারবাস ও বোয়িংয়ের সমন্বয়ে একটি মিশ্র বিমানবহর গড়ে তুলছে সৌদি আরবের বিমান সংস্থা রিয়াদ এয়ার। এর অংশ হিসেবে সংস্থাটি তাদের প্রথম এয়ারবাস এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজের নির্মাণকাজ সম্পন্ন করেছে বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার জার্মানির হামবুর্গে এয়ারবাসের কারখানা থেকে উড়োজাহাজটি বের করা হয়। এইচজেড-আরএক্সএফএ নিবন্ধন নম্বরের উড়োজাহাজটিতে রিয়াদ এয়ারের বিশেষ নকশা ব্যবহার করা হয়েছে।
উড়োজাহাজটির নকশায় সৌদি আরবের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এতে বেদুইনদের ঐতিহ্যবাহী তাঁবুর আদলে রেখা এবং আরবি ক্যালিগ্রাফির বিভিন্ন উপাদান রাখা হয়েছে। উড়োজাহাজে সংস্থার নাম আরবি ও ইংরেজি দুই ভাষায় লেখা রয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যে উড়োজাহাজটির পরীক্ষামূলক উড্ডয়ন হবে। এরপর এটি রিয়াদ এয়ারের কাছে হস্তান্তর করা হবে। সংস্থাটি জানিয়েছে, উড়োজাহাজটির কেবিন, যাত্রীসেবা ও গন্তব্য সম্পর্কে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিস্তারিত জানানো হবে।
এ৩২১নিও উড়োজাহাজটি রিয়াদ এয়ারের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বহরের সঙ্গে যুক্ত হবে। বড় আকারের উড়োজাহাজ দিয়ে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
গত জুলাইয়ে বোয়িংয়ের সঙ্গে অতিরিক্ত ৭৮৭ ড্রিমলাইনার কেনার চুক্তি করে রিয়াদ এয়ার। এতে ২০টি উড়োজাহাজকে বড় সংস্করণের ৭৮৭-১০ মডেলে রূপান্তর এবং নতুন করে আরও ১১টি উড়োজাহাজ কেনার বিষয়টি রয়েছে। বাকি ১৭টি উড়োজাহাজের বিষয়টি চূড়ান্ত হলে সংস্থাটির মোট ক্রয়াদেশ দাঁড়াবে ৬৭টি ড্রিমলাইনারে।
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন রিয়াদ এয়ার ২০২৬ সালের জুনে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু করে। সেপ্টেম্বরে ম্যানচেস্টার ও ব্যাংককে ফ্লাইট চালু করে সংস্থাটি। নভেম্বর থেকে হিথ্রো রুটে সপ্তাহে নয়টি এবং ব্যাংকক রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে তারা।
আগামী ১৬ ডিসেম্বর থেকে ইতালির মিলানে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে রিয়াদ এয়ারের। এ রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে। মিলান হবে সংস্থাটির ইউরোপের পঞ্চম গন্তব্য।
গত অক্টোবরে রিয়াদ এয়ার জানায়, তাদের বহরে আটটি উড়োজাহাজ রয়েছে। এসব উড়োজাহাজ দিয়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার ১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ২০২৬ সালের শেষ নাগাদ প্রায় ৩০টি গন্তব্যে টিকিট বিক্রির লক্ষ্য রয়েছে সংস্থাটির।
২০৩০ সালের মধ্যে রিয়াদ থেকে বিশ্বের ১০০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার। সংস্থাটির প্রত্যাশা, এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই লাখের বেশি কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি সৌদি আরবের তেলবহির্ভূত অর্থনীতিতে ৭৫ বিলিয়ন সৌদি রিয়াল বা ২০ বিলিয়ন ডলারের বেশি অবদান রাখবে তাদের কার্যক্রম।