কেপ টাউনে অনারারি কনস্যুলেটের উদ্বোধন করেছে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, May 23, 2026
প্রবাসী বাংলাদেশিদের সেবা আরও জোরদার করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে একটি অনারারি কনস্যুলেটের উদ্বোধন করেছে বাংলাদেশ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার কেপ টাউনে আয়োজিত অনারারি কনস্যুলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি।
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে দেশটির দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি প্রবাসী কমিউনিটি বসবাস করে। ফলে এই কনস্যুলেট চালু হওয়ায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা ও সহায়তা আরও সহজ ও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সরকারের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক বিবেচনায় নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী জোহান ম্যাক্স লে রৌক্সকে ২০২৫ সালের অক্টোবর মাসে ওয়েস্টার্ন কেপ অঞ্চলের অনারারি কনসাল হিসেবে মনোনীত করা হয়।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে দক্ষিণ আফ্রিকা সফর করেন।