Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হচ্ছে অক্টোবরে: বিমান মন্ত্রী

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হচ্ছে অক্টোবরে: বিমান মন্ত্রী


চলতি বছরের অক্টোবর মাসেই উদ্বোধন হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই বিমানবন্দরের শুভ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


সোমবার (২৪ আগস্ট, ২০২৬) সচিবালয়ে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)’-এর সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।


মন্ত্রী জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার কাজ পুরোদমে এগিয়ে চলছে এবং অক্টোবরেই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এই বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থাও তাদের ফ্লাইট পরিচালনা করবে। 


এরই মধ্যে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে।তিনি আরও বলেন, বিদেশি বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করার সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।


এদিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই টার্মিনালটি চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এই উদ্দেশ্যে আগামী সেপ্টেম্বর মাসেই জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। 


তৃতীয় টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের যাত্রীসেবার মান ও ধারণক্ষমতা বহুলাংশে বাড়বে এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।


সাক্ষাৎকার অনুষ্ঠানে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার নবনিযুক্ত মন্ত্রীকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন মন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের এভিয়েশন ও পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে।


এ সময় এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News