লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত-নিখোঁজ অন্তত ৫০
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, July 16, 2026
লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে ইউরোপগামী অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে নারী ও শিশুসহ প্রায় ৬০ জন অভিবাসী ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পূর্ব লিবিয়ার কোস্টগার্ড জানায়, মঙ্গলবার তোব্রুক উপকূলীয় শহরের কাছে বারদা দ্বীপের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির পর ১০ জন জীবিত সাঁতরে বারদা দ্বীপে পৌঁছে প্রাণে রক্ষা পান। নিখোঁজদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে।
ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের জন্য লিবিয়া দীর্ঘদিন ধরেই অন্যতম প্রধান যাত্রা-শুরুর কেন্দ্র। সাম্প্রতিক সময়ে দেশটির উপকূলে একের পর এক প্রাণঘাতী নৌদুর্ঘটনা ঘটছে। গত মাসেও পূর্ব লিবিয়ার উপকূলে আরেকটি নৌকাডুবিতে ৫১ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হন।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ও মৃত্যুর পর থেকে লিবিয়া রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এরপর থেকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংঘাত, নির্যাতন ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষ ইউরোপে যাওয়ার আশায় দেশটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে আসছেন।
মানবপাচারকারী চক্রগুলো প্রায়ই অভিবাসীদের ছোট, অনিরাপদ ও অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধ্য করে। ফলে প্রতিবছর এই বিপজ্জনক সমুদ্রপথে হাজার হাজার মানুষ প্রাণ হারান বা নিখোঁজ হন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় রুটে ৮০০-র বেশি অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। গত বছর একই পথে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন ১ হাজার ৩০০-রও বেশি অভিবাসী।
সূত্র: এপি