মালয়েশিয়া প্রবাসীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশনা দিল হাইকমিশন
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কার্যক্রমে করণীয় ও বর্জনীয় বিষয়ে নির্দেশনা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
করণীয়ের মধ্যে রয়েছে, কর্মরত দেশের আইন-বিধি, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং ধর্মীয়-সামাজিক মূল্যবোধ মেনে চলা। পরিবার ও বন্ধুদের সঙ্গে ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া চাকরি বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা এবং অপরিচিত ব্যক্তি, অজানা লিংক বা বার্তার ক্ষেত্রে সতর্ক থেকে প্রতারণা ও ফিশিং থেকে দূরে থাকার কথাও বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, তথ্য বা ছবি-ভিডিও শেয়ারের আগে তার সত্যতা যাচাই করতে হবে এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
বর্জনীয়ের তালিকায় রয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কনটেন্ট শেয়ার বা প্রচার না করা এবং গুজব বা বিদ্বেষমূলক বক্তব্য না ছড়ানো। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন বিতর্কিত পোস্ট শেয়ার না করার কথাও বলা হয়েছে। কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার নির্দেশনাও রয়েছে।
এ ছাড়া কর্মস্থল, বিমানবন্দর, বন্দর বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি-ভিডিও ধারণ বা প্রকাশ না করা, নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র বা ব্যাংক-সংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা এবং ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট বা বিতর্কে অংশ না নেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশনায়।
ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা সন্দেহজনক বিনিয়োগ এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত না হতেও সতর্ক করা হয়েছে প্রবাসীদের। সবশেষে কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।