মধ্য এশিয়া ও রাশিয়ায় ৫ নতুন রুট চালু করছে ফ্লাইদুবাই
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 21, 2026
উজবেকিস্তানের সমরকন্দ। ছবি: ফ্লাইদুবাই
মধ্য এশিয়া ও রাশিয়ায় পাঁচটি নতুন রুট চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই। আগামী ডিসেম্বরে কাজাখস্তানের আকতাউ ও আতিরাউ এবং রাশিয়ার তিউমেনে নতুন ফ্লাইট চালু করবে সংস্থাটি। এ ছাড়া কাজাখস্তানের শিমকেন্ট ও উজবেকিস্তানের সমরকন্দ রুটে আবারও ফ্লাইট চালু করা হবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফ্লাইদুবাই।
এয়ারলাইনটির তথ্য অনুযায়ী, ১৮ ডিসেম্বর আতিরাউ রুটে প্রথম ফ্লাইট চালু হবে। ১৯ ডিসেম্বর আকতাউ ও তিউমেন, ২৫ ডিসেম্বর শিমকেন্ট এবং ২৯ ডিসেম্বর সমরকন্দ রুটে ফ্লাইট শুরু হবে। আতিরাউ, আকতাউ, তিউমেন ও শিমকেন্ট রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট চলবে। সমরকন্দ রুটে চলবে সপ্তাহে তিনটি ফ্লাইট।
ফ্লাইদুবাই জানিয়েছে, আকতাউ, আতিরাউ ও তিউমেনে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী সংযুক্ত আরব আমিরাতের প্রথম এয়ারলাইন হবে তারা। নতুন রুট চালুর ফলে মধ্য এশিয়ায় তাদের গন্তব্যের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়াবে। এ অঞ্চলে সপ্তাহে ৬০টির বেশি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
কাজাখস্তানের পাঁচটি গন্তব্যে সপ্তাহে ৩৮টি এবং উজবেকিস্তানের দুটি গন্তব্যে ২৪টি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইদুবাই। এ ছাড়া রাশিয়ার ১২টি গন্তব্যে সপ্তাহে ১২৩টি ফ্লাইট চলবে।
নতুন রুটগুলোতে এমিরেটসের সঙ্গে কোডশেয়ার চুক্তির আওতায় ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইদুবাই। ফলে যাত্রীরা একটি বুকিংয়ের মাধ্যমে পুরো যাত্রার টিকিট কাটতে পারবেন। একই সঙ্গে চূড়ান্ত গন্তব্য পর্যন্ত লাগেজ পাঠানোর সুবিধাও পাবেন।
দুবাই থেকে আতিরাউ ও আকতাউ রুটে ইকোনমি ক্লাসে আসা-যাওয়ার টিকিটের দাম শুরু হবে ২ হাজার ৫০০ দিরহাম থেকে। বিজনেস ক্লাসের ভাড়া শুরু ১০ হাজার দিরহাম থেকে। তিউমেন রুটে ইকোনমি ক্লাসের ভাড়া ২ হাজার ৮০০ এবং বিজনেস ক্লাসের ভাড়া ১০ হাজার ৫০০ দিরহাম থেকে শুরু হবে।