মধ্যপ্রাচ্য সংকটে আজও ১৮ ফ্লাইট বাতিল, এক মাসে বাতিল ৮৫৮ ফ্লাইট
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, March 30, 2026
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত নিরাপত্তা ঝুঁকির কারণে আজও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) মোট ১৮টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে ঢাকার বিমানবন্দরেও। এ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৮টি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ মার্চ ২৬টি, ১৯ মার্চ ২৬টি ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫টি, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ ২০টি, ২৫ মার্চ ২০টি, ২৬ মার্চ ২২টি, ২৭ মার্চ ২২টি, ২৮ মার্চ ২১টি এবং ২৯ মার্চ ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত এক মাস ধরে প্রতিদিনই একাধিক ফ্লাইট বাতিল হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ধারাবাহিকভাবে প্রতিদিন বিভিন্ন সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।
সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েতগামী ২টি ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ রুটের ৪টি, গালফ এয়ারের বাহরাইনগামী ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতেই পারে। ফলে যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ ফ্লাইট তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।