Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা: নিহত ৩৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা: নিহত ৩৫

ছবি: সংগৃহীত


পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে দেশটির বৃহত্তম বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় ৩৫ জন নিহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।


নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনা সদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।


বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পরপরই রাজধানীর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ ভেসে আসে বলে স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানান।


একই দিন সন্ধ্যায় আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এই হামলার দায় স্বীকার করে।


নিহত হামলাকারীদের পাশাপাশি আরও চারজন আহত এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর এলাকা থেকে আরপিজি লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড ও হাজার হাজার রাউন্ড গোলাবারুদসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


চলতি বছরের জানুয়ারিতেও একই বিমানবন্দরে হামলা হয়েছিল। তখন ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন দায় স্বীকার করে।


নাইজার পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ, যার উত্তরে লিবিয়া ও আলজেরিয়া, দক্ষিণে নাইজেরিয়া ও বেনিন এবং পশ্চিমে মালি ও বুরকিনা ফাসো অবস্থিত। সাহারা মরুভূমির বিশাল অংশজুড়ে বিস্তৃত এই দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র এবং গত এক দশকেরও বেশি সময় ধরে জিহাদি সহিংসতার বিরুদ্ধে লড়াই করে আসছে।


সূত্র: বিবিসি

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News