মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, বিমানবন্দরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, April 10, 2026
নিহত প্রবাসী বাংলাদেশি শাহ আলমের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি শাহ আলমের মরদেহ দেশে ফিরেছে।
সংযুক্ত আরব আমিরাতে মধ্যপ্রাচ্য সংঘাতের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ নজরুল ইসলাম।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ছায়া এখন প্রবাসী বাংলাদেশিদের জীবনেও পড়ছে। সংযুক্ত আরব আমিরাতে কর্মরত শাহ আলম ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারান।
এর আগে ৪ এপ্রিল বাহরাইনে নিহত কর্মীর মরদেহ গ্রহণের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল চৌধুরী জানান, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অত্যন্ত সমন্বিতভাবে নিহতদের পরিবার এবং সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে মরদেহ আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করছে।