মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা চালুর সুপারিশ সংসদীয় কমিটির
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, August 24, 2026
ছবি: জাতীয় সংসদ
বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা চালু এবং নারী অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির চেয়ারম্যান জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এসকে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন, সঞ্জিদা ইসলাম, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আতিকুর রহমান মোজাহিদ।
কমিটির চেয়ারম্যানের আমন্ত্রণে বিশেষ আমন্ত্রিত হিসেবে বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নবনিযুক্ত পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে পূর্বনির্ধারিত এক বিদেশ সফরে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়, এরপর কমিটির চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় বলে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যক্রম ও চলমান কর্মকাণ্ড সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
গত ছয় মাসে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অর্জন পর্যালোচনা করা হয়, পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়।
মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে কমিটির সদস্যরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন পররাষ্ট্র উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অর্জনকে সরকারের প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে বর্ণনা করে কমিটি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করে কমিটি।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস