নেপালে আকস্মিক বন্যায় নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৩৩ মার্কিনসহ শতাধিক বিদেশি পর্যটক
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, August 27, 2026
ছবি : সংগৃহীত
নেপাল ও তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক হড়পা বানে অন্তত ১৬০ জনের প্রাণহানি হয়েছে এবং শতাধিক বিদেশি পর্যটকসহ কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হিমবাহ ধসের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে।
বন্যার তোড়ে বহু গ্রাম বিধ্বস্ত হয়েছে, ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎকেন্দ্র। নেপাল পুলিশ নিশ্চিত করেছে, এ পর্যন্ত অন্তত ১৬২টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নিহতদের জাতীয়তা এখনও জানা যায়নি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তিব্বত সীমান্তের একটি এলাকায় ভূমিধসে অন্তত তিনজনের মৃত্যুর খবর দিয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী হিকমত সিং আয়ের বিবিসিকে জানান, বন্যার পর ৪০৩ জনের কোনো খোঁজ মিলছে না, যাদের মধ্যে ৩৩ জন মার্কিন, ৩৪ জন অস্ট্রেলিয়ান, ২৪ জন কানাডিয়ান, ৪ জন জার্মান, ১৯ জন মালয়েশিয়ান ও একজন ইসরায়েলি নাগরিক রয়েছেন। এছাড়া তিব্বত অংশে আরও প্রায় ৫৫৮ জন নিখোঁজ বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি, যাদের মধ্যে ২৬০ জন বিদেশি।
কাঠমান্ডুর উত্তরে রাসুয়া জেলার ভোটে কোশি নদীতে হঠাৎ পানি বেড়ে যাওয়ার পর পার্শ্ববর্তী নুওয়াকোট ও ধাদিং জেলাতেও এর প্রভাব পড়ে। আন্তর্জাতিক রেড ক্রসের নেপাল কার্যালয়ের প্রধান ডেভিড ফিশার জানান, বহু এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি, তবে হেলিকপ্টারযোগে উদ্ধার তৎপরতা চলছে। তিনি বলেন, পুরো পুরো গ্রাম ও বাজার বিলীন হয়ে গেছে এবং চীন-নেপাল বাণিজ্যের গুরুত্বপূর্ণ সংযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেপালকে মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের মাধ্যমে জরুরি আশ্রয় ও ত্রাণ কার্যক্রমে ৫ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র: সিবিএস নিউজ