নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, May 09, 2026
ছবি: মন্ত্রণালয়
বিশ্বজুড়ে অভিবাসীদের অধিকার সুরক্ষা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গত বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের (আইএমআরএফ) সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে এ বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় হ্রাস, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, জবাবদিহিতা জোরদার এবং ন্যায়বিচারে অভিবাসীদের প্রবেশাধিকার সম্প্রসারণে বৈশ্বিক সমন্বয় এখন অপরিহার্য। তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে 'whole-of-government and whole-of-society' পদ্ধতি অনুসরণ করে রাষ্ট্রীয় জবাবদিহিতা ও অভিবাসীদের আইনি সুরক্ষা জোরদার করছে।
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্স গঠন করেছে এবং ২০২৬–২০৩০ মেয়াদের জন্য জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রী জানান, ২০২২ সালে প্রথম আইএমআরএফে দেওয়া ১০টি অঙ্গীকারের মধ্যে সাতটি ইতোমধ্যে কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে। এবারের ফোরামে বাংলাদেশ ছয়টি নতুন অঙ্গীকার জমা দিয়েছে এবং দুটি আঞ্চলিক উদ্যোগে অংশীদার হয়েছে।
বক্তব্যে মন্ত্রী জলবায়ু পরিবর্তনকে অভিবাসনের একটি ক্রমবর্ধমান ও উদ্বেগজনক কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ ক্ষতিগ্রস্ত দেশগুলো পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে না। এই বাস্তবতায় তিনি উন্নত দেশগুলোর প্রতি নির্ভরযোগ্য অর্থায়ন ও কারিগরি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
ফোরামে আরিফুল হক চৌধুরী আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে নিরাপদ অভিবাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।