অবৈধ অভিবাসনে প্ররোচনা দেওয়ায় বাংলাদেশি টিকটকারকে ডিপোর্ট করছে গ্রিস
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 27, 2026
ছবি: সংগৃহীত
সামাজিক মাধ্যমে অবৈধ অভিবাসীদের গ্রিসের নাফপলিও শহরে আসতে উৎসাহিত করে ভিডিও পোস্ট করায় এক বাংলাদেশি নাগরিকের বসবাসের অনুমতি বাতিল করে তাকে ডিপোর্টের প্রক্রিয়া শুরু করেছে গ্রিস সরকার।
দেশটির অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভ্রিস বুধবার এ ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, ওই বাংলাদেশি নাগরিক টিকটকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন নাফপলিওতে কেউ অভিবাসীদের নজরদারি করছে না এবং সেখানে আসতে উৎসাহিত করেন।
হেলেনিক পুলিশ ভিডিওটি শনাক্ত করে ওই ব্যক্তিকে চিহ্নিত করে মামলা দায়ের করে। মন্ত্রী জানান, এ ধরনের ভিডিও মানব পাচার চক্রের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এবং ইউরোপীয় ইউনিয়নে অবৈধভাবে প্রবেশে প্ররোচনা দেয়।
প্লেভ্রিস সতর্ক করে বলেন, বৈধ বসবাসের অনুমতি থাকলেও কোনো বিদেশি নাগরিক যদি জননিরাপত্তার জন্য ক্ষতিকর কার্যক্রমে যুক্ত হন, তাহলে তার বিরুদ্ধেও ডিপোর্টের ব্যবস্থা নেওয়া হবে।
গ্রিসের নতুন অভিবাসন কোডের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্র: Source: ProtoThema