Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

অনিয়মের দায়ে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার টাকা

প্রতিবেদক | Published: Friday, September 11, 2026
অনিয়মের দায়ে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার টাকা


অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর একটি রিক্রুটিং এজেন্সি ‘ত্রিপল এ ওভারসিজ’-এ (আরএল-২৬৩০) মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অভিযানে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের প্রমাণ পাওয়ার পর অফিসটি সিলগালা করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


অভিযানকালে দেখা যায়, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে থাকা সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট জমা রাখছিল এজেন্সিটি। এমন তিন বাক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে।


মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না বলে জানান তিনি। 


যারা নিয়ম ভাঙবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।


মন্ত্রণালয় জানিয়েছে, জব্দ করা পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 


বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News