পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দূতাবাসের
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, August 15, 2026
মধ্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিকে সামাজিক মাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর বা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি হতে পারে।
দূতাবাস জানায়, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে।
পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তা হলো—
এক, পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলা।
দুই, কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করা।
তিন, অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট বা কর্মকাণ্ড থেকে বিরত থাকা।
চার, অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করা।
পাঁচ, ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকা।
ছয়, পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করা।