প্রি-হজ কার্যক্রম সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, May 21, 2026
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৬ সালের প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০
মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২১৫ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে
ছেড়ে যাওয়া বিজি-৩৩৫ ফ্লাইটের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়, চলতি বছরের হজ কার্যক্রমে সংস্থাটি ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করে মোট
৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে। এছাড়া ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাসের
যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও
সম্পন্ন করেছে বিমান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসিএল
লিমিটেড এবং ব্রাক ব্যাংক পিএলসি–এর সহযোগিতায় হজযাত্রীদের মধ্যে বিশেষ “হজ কেয়ার প্যাক”
বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী
কর্তৃক “হজ ফ্লাইট-২০২৬” উদ্বোধনের মাধ্যমে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের সূচনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
জানিয়েছে, হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংস্থাটির সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী
দায়িত্ব পালন করেছেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,
বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।