প্রথমবার আন্তর্জাতিক রুটে উড়ল চীনের নিজস্ব সি৯১৯ উড়োজাহাজ
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, August 13, 2026
ছবি: সিজিটিএন
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বড় আকারের যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ প্রথমবারের মতো নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
বুধবার বিকেলে বেইজিং থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের উদ্দেশে এই উড়োজাহাজের প্রথম আন্তর্জাতিক যাত্রা শুরু হয়, চীনের রাষ্ট্রীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিজিটিএন- এর এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
এয়ার চায়নার সিএ৭২৩ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রায় দুই ঘণ্টার এই যাত্রা শেষে মঙ্গোলিয়ার রাজধানীতে পৌঁছালে উড়োজাহাজটিকে ওয়াটার ক্যাননের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়েছে, যা বেসামরিক বিমান চলাচলে সর্বোচ্চ সম্মানসূচক আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত।
সিজিটিএন জানিয়েছে সরকারি তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত সি৯১৯ উড়োজাহাজ ২৫টি শহরের মধ্যে ৫৭টি রুটে চলাচল করেছে এবং এ পর্যন্ত ৭৫ লাখেরও বেশি যাত্রী পরিবহন করেছে।
এর আগে সি৯১৯ উড়োজাহাজ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারশোতেও প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর এয়ারশোতে দুইবার এবং দুবাই এয়ারশোতে একবার অংশগ্রহণ।