পর্যটন গবেষণায় একসঙ্গে কাজ করবে 'উৎসব' ও চায়না আউটবাউন্ড ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউট
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, July 15, 2026
ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডারস সোসাইটি অব বাংলাদেশ (উৎসব) এবং চায়না আউটবাউন্ড ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউট পর্যটন গবেষণা, জ্ঞান বিনিময় এবং টেকসই পর্যটন উন্নয়নে যৌথভাবে কাজ করতে একটি সমঝোতা স্মারক সই করেছে।
বুধবার অনুষ্ঠিত এই চুক্তিতে উৎসবের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি এইচ এম হাকিম আলী এবং সাধারণ সম্পাদক রেজাউল একরাম। চায়না আউটবাউন্ড ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. উলফগ্যাং জর্জ আরল্ট। এ সময় উৎসবের সহসভাপতি তৌফিক রহমান উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের আওতায় দুই প্রতিষ্ঠান পর্যটন গবেষণা, গন্তব্যভিত্তিক গবেষণা, বাজার বিশ্লেষণ, নীতিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং সেমিনার-ওয়ার্কশপ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করবে।
এছাড়া যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা, প্রকাশনা সহ টেকসই, দায়িত্বশীল ও পুনরুজ্জীবনধর্মী পর্যটন চর্চা প্রসারে বিভিন্ন উদ্যোগও নেওয়া হবে।
সমঝোতা স্মারকের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের সেরা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার, পর্যটন গন্তব্য ব্যবস্থাপনায় উদ্ভাবনকে উৎসাহিত করা এবং তথ্য-প্রমাণভিত্তিক পর্যটন নীতি ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহযোগিতা বাংলাদেশের পর্যটন খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে এবং দেশকে বৈশ্বিক পর্যটন বাজারে একটি টেকসই গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।
দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, এই অংশীদারত্ব গবেষণাভিত্তিক পর্যটন উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং পর্যটন শিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করবে।