পুকুরে ধ্বসে পড়লো ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজ, অক্ষত ২ পাইলট
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, January 22, 2026
ছবি: সংগৃহীত
ভারতীয় বিমান বাহিনীর মাইক্রোলাইট উড়োজাহাজ জরুরি অবতরণের সময় এক
পুকুরে ধ্বসে পড়ে। তবে এতে থাকা দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়। তারা দুজনই
কোনো ধরনের আঘাত পাননি।
বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে উত্তর প্রদেশের প্রয়াগরাজ এলাকায় এই
ঘটনা ঘটে। কেপি গ্রাউন্ডের কাছাকাছি এলাকায় জরুরি পরিস্থিতির কারণে উড়োজাহাজটি
অবতরণ করতে বাধ্য হয়। অবতরণ গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে এলাকায় কিছু
সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, তারা হঠাৎ একটি বিকট শব্দ শুনে
বাইরে বেরিয়ে আসেন। পরে দেখতে পান একটি উড়োজাহাজ পুকুরের পানির মধ্যে পড়ে আছে।
সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান।
স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় কয়েক মিনিটের মধ্যেই উড়োজাহাজের ভেতর
থেকে দুই পাইলটকে নিরাপদে বের করে আনা হয়। একজন বাসিন্দা জানান, প্রয়োজনে
উড়োজাহাজের কভার ভাঙার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে তার আগেই পাইলটদের উদ্ধার করা
সম্ভব হয়।
কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় আশপাশের কোনো বাড়িঘরের ক্ষতি হয়নি। কোনো
সাধারণ মানুষও আহত হননি। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে
পৌঁছান।
পরবর্তীতে উড়োজাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়। জরুরি অবতরণ করার কারণ
জানার জন্য প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনী সাধারণত প্রশিক্ষণ, নজরদারি ও
পরিচিতিমূলক উড্ডয়নের কাজে মাইক্রোলাইট উড়োজাহাজ ব্যবহার করে। এসব উড়োজাহাজ মূলত
কম উচ্চতায় উড্ডয়নের জন্য তৈরি।