‘প্যাকেজ ডিল’ ভিসা জালিয়াতি নিয়ে সতর্ক করল ব্রিটিশ হাইকমিশন
বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশন ভিসা ও চাকরির নামে তথাকথিত ‘প্যাকেজ ডিল’-এর মাধ্যমে যুক্তরাজ্যে চাকরি বা অভিবাসনের প্রস্তাবকে প্রতারণা হিসেবে চিহ্নিত করেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ব্রিটিশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানায়, কোনো বৈধ নিয়োগদাতা চাকরির জন্য কখনো আবেদনকারীর কাছ থেকে অর্থ দাবি করবে না।
পোস্টে বলা হয়, “কোনো বৈধ নিয়োগদাতা আপনাকে নিয়োগের জন্য কখনো টাকা চাইবে না। যদি কেউ আপনাকে কোনো ‘প্যাকেজ ডিল’-এর প্রস্তাব দেয়, তবে তা একটি প্রতারণা। সতর্ক থাকুন।”
উল্লেখ্য, ব্রিটিশ হাইকমিশন নিয়মিতভাবে ভিসা প্রক্রিয়া সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্কবার্তা প্রকাশ করে।
পাশাপাশি বাংলাদেশ সরকারও অনিয়মিত অভিবাসন ও প্রতারণামূলক নিয়োগ কার্যক্রম রোধে সচেতনতামূলক কার্যক্রম ও নজরদারি জোরদার করে আসছে।