রাশিয়া প্রেরণে প্রতারণা: তিন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
| Published: Tuesday, June 02, 2026
ছবি: মন্ত্রণালয়
উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় প্রেরণের অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (১লা জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে প্রেরণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।
প্রতারণার শিকার ওই ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান। এ লক্ষ্যে তিনি মস্কোয় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ গমনেচ্ছু নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির সঙ্গে লেনদেনের আগে তাদের বৈধতা ও কাজের শর্তসমূহ যথাযথভাবে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।