ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Saturday, October 10, 2026
অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ফ্লাইটগিুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্স আজ শনিবার জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্থগিত হওয়া ফ্লাইটগুলো হলো বিজি ৩৩৯ ও বিজি ৩৪০।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে। ফ্লাইটগুলোর সময়সূচি নতুন করে নির্ধারণ বা এর হালনাগাদ অবস্থা আগামীকাল ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
হঠাৎ এই বিঘ্ন ঘটায় যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যেতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সব হালনাগাদ বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে পাওয়া যাবে।