রোমে ট্রিপল মার্ডার: বাংলাদেশি নাগরিককে খুঁজছে ইতালির পুলিশ
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, June 28, 2026
ছবি: পোলিৎসিয়া দি স্তাতো কতৃক প্রকাশিত
ইতালির রাজধানী রোমে এক পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে দেশটির জাতীয় পুলিশ বাহিনী পোলিৎসিয়া দি স্তাতো।
রোমের প্রজাতন্ত্রের প্রসিকিউটরের নির্দেশে সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম শাহাদাত হোসেন। ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে তার জন্ম বলে পুলিশ জানিয়েছে।
পোলিৎসিয়া দি স্তাতোর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে বলা হয়, শাহাদাত হোসেনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে রোম কোয়েস্টুরার মোবাইল স্কোয়াডের ৩৩৪৬৯০৩২৯৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে পলাতক।
তবে এ ঘটনায় বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি ইতালীয় কর্তৃপক্ষ।
এদিকে, ইতালীয় ও বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় এক বাংলাদেশি পরিবারের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে পরিবারের তিন সদস্য নিহত এবং একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন ওরফে বাবুল (৩৯), তার স্ত্রী আর্জু আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরিশা।
হামলায় কামাল উদ্দিনের ছেলে আইয়ন (২০) গুরুতর আহত হন। তাকে রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।