রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Friday, September 04, 2026
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সংসদীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, এমপির নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে কৃষি, শিক্ষা, প্রযুক্তি, পারমাণবিক বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা ও জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই রাশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। সময়ের পরিক্রমায় দ্বিপাক্ষিক এই ঐতিহাসিক সম্পর্ক আজ সুদৃঢ় ও বিশ্বস্ত অংশীদারিত্বে রূপ নিয়েছে।
চৌধুরী বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক শ্রমবাজার ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রেও সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।
বৈঠকে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং সংসদীয় সম্পর্ক উন্নয়ন, আইনপ্রণেতাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগে রাশিয়ার সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বিদ্যমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা সম্ভব।
রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তারও বৈঠকে অংশ নেন। তিনি দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে পারস্পরিক স্বার্থ ও সুবিধাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। জনকূটনীতি ও সামাজিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমেও দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান তিনি।
বৈঠকে মৈত্রী গ্রুপের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী ছাড়াও সংসদ সদস্য খাইরুল কবির খোকন, সাঈদ আল নোমান, সাইফুল আলম, আতিকুর রহমান মুজাহিদ ও জেবা আমিন খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম বৈঠকে অংশ নেন।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমাতেও একটি ‘গ্রুপ অব ডেপুটিস’ কাজ করছে। দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সংসদীয় কূটনীতি আরও বিস্তৃত করার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।