ট্রানজিট ভিসায় দালালের প্রলোভন থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, September 04, 2026
নেপাল ও ভুটানে যাওয়ার জন্য ট্রানজিট ভিসা নিতে দালাল বা অননুমোদিত এজেন্টের প্রলোভনে না পড়তে বাংলাদেশি ভ্রমণকারীদের সতর্ক করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, কিছু অননুমোদিত এজেন্ট ‘নিশ্চিত ভিসা’, ‘নিশ্চিত স্লট’, ‘কোনো সমস্যা নেই’ এবং ‘শতভাগ সফলতা’র মতো প্রতিশ্রুতি দিয়ে ভ্রমণকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে।
এসব প্রতিশ্রুতির কোনো সরকারি ভিত্তি নেই এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে হাইকমিশন।
দালালের মাধ্যমে ভিসার আবেদন করলে অর্থ হারানো, ভুয়া নথি জমা পড়া, আবেদন প্রত্যাখ্যাত হওয়া এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। এমনকি এ ধরনের ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই বলে সতর্ক করেছে হাইকমিশন।
সতর্কবার্তায় হাইকমিশন বলেছে, “দালালরা হাজারো প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থই হয়।”
নিরাপদে ভ্রমণের জন্য আবেদনকারীদের সরাসরি সরকারি চ্যানেলের মাধ্যমে আবেদন করা, নিজের আবেদন নিজে জমা দেওয়া এবং ভিসা-সংক্রান্ত তথ্য শুধু সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে ভিসা আবেদনের পুরো প্রক্রিয়া নিজের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ট্রানজিট ভিসা দিয়ে থাকে।