শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ প্রকাশ সুইসপোর্টের
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, June 16, 2026
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সুইসপোর্ট। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আহ্বান করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সোমবার (১৬ জুন) সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সৌজন্য সাক্ষাতে বিষয়টি উঠে আসে।
সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সুইজারল্যান্ড বিমান খাত বাংলাদেশের বিমান খাতের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
আলোচনায় রাষ্ট্রদূত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সুইস প্রতিষ্ঠান সুইসপোর্টের আগ্রহের বিষয়টি তুলে ধরেন। জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং তা বিবেচনার আশ্বাস দেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।