শাহজালালে সিআইআইডির ত্রিমুখী অভিযান, পৌনে দুই কোটি টাকার পণ্য জব্দ
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, August 18, 2026
ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি ঠেকাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) পরপর তিনটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে।
সোমবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন অভিযান মিলিয়ে জব্দ করা হয়েছে ৩৪৯ কার্টুন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ। এসব পণ্যের বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা এবং প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। অর্থাৎ শুল্ক-করসহ মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সিআইআইডির এ-শিফট দুবাই থেকে আসা ইকে৫৮২ ও ইকে৫৮২৬ ফ্লাইটে অভিযান চালায়। এতে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম ও ১ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এই চালানের শুল্ক-করসহ মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।
এর আগে গত ১১ আগস্ট দুবাই থেকে আসা বিজি১৪৮ ফ্লাইটে চালানো আরেক অভিযানে বিভিন্ন যাত্রীর কাছ থেকে ১৭৯ কার্টুন সিগারেট ও ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম জব্দ হয়, যার শুল্ক-করসহ মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।
এ ছাড়া বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযানে একসঙ্গে ৩১৯ কেজি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এনবিআর জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় গোপন তথ্য সংগ্রহ, ঝুঁকিভিত্তিক নজরদারি এবং যাত্রী ও কার্গো পর্যায়ে সিআইআইডির অভিযান অব্যাহত থাকবে।