Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে (SAARC) পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ জন্য ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং বিভিন্ন অংশীজনের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।


আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সাক্ষাতে শামা ওবায়েদ সার্ক পুনরুজ্জীবন ও দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সক্রিয় ভূমিকা পালনের আগ্রহের কথা জানান। দুই পক্ষই সার্ক প্রক্রিয়ায় নতুন করে রাজনৈতিক মনোযোগ এবং ধারাবাহিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


গোলাম সারওয়ার সার্কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। আঞ্চলিক সংগঠনটির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সহায়তায় সার্কের নিয়মিত কার্যক্রম ও কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান।


তিনি জানান, সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬ সালের শেষ নাগাদ প্রকাশিত হওয়ার কথা রয়েছে।


প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব হিসেবে গোলাম সারওয়ারের দায়িত্ব পালনের প্রশংসা করেন এবং তাঁর মেয়াদে অর্জিত গতি উত্তরসূরির সময়েও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সার্ক প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।


এ সময় শামা ওবায়েদ গোলাম সারওয়ারের দায়িত্বের সমাপ্তি ও উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর নির্বিঘ্ন হওয়ার কামনা করেন।


দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠিত হয়।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News