দুবাই সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
| Published: Tuesday, August 18, 2026
ছবি: মন্ত্রণালয়
সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হওয়ার বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমিরাতে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি দিয়ে ভিসা বাতিল হওয়া প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে এবং তাদের নিয়ে একটি সমন্বিত তালিকা তৈরির কাজ চলছে।
ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, তবে কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী আমিরাতে থাকা বাংলাদেশি সিআইপি, উদ্যোক্তা ও প্রবাসী ব্যবসায়ীদের স্বাগত জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা, কর্মসংস্থান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে তাদের ভূমিকা অনেক বড়।
তিনি জানান, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও এমপ্লয়মেন্ট ভিসার পাশাপাশি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা বদলের ক্ষেত্রে যে কড়াকড়ি ও স্থবিরতা তৈরি হয়েছে, সে বিষয়ে সরকার পুরোপুরি অবগত।
কূটনৈতিক আলোচনা ও উচ্চপর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে এই ভিসা সংকট দ্রুত মেটাতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি, এবং দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সিআইপি ব্যবসায়ীদের সম্পর্ককে কাজে লাগিয়ে জটিলতা কমাতে তাদের সহযোগিতা চান।
রেমিট্যান্স নিয়ে তিনি বলেন, হুন্ডি এড়িয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে সিআইপি ব্যবসায়ীদের অধীনে কাজ করা কর্মীদের উদ্বুদ্ধ করতে হবে।
শিগগিরই একটি সর্বজনীন ও স্বচ্ছ 'প্রবাসী কার্ড' চালু করা হবে, যার মাধ্যমে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সাশ্রয়ী ও অগ্রাধিকারভিত্তিক চিকিৎসা এবং বৈধ পথে টাকা পাঠানো সহজ হবে।
প্রবাসীদের যাতায়াতে টিকিট সিন্ডিকেট ভাঙতে এবং যৌক্তিক বিমান ভাড়া নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।
প্রবাসী বিনিয়োগ বাড়াতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে জমি বা প্লট বরাদ্দে বিশেষ কোটা এবং কর ছাড়ের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। পাশাপাশি বিডা, কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরে ফাইলিং ও প্রশাসনিক ঝক্কি কমাতে এক জায়গা থেকেই দ্রুত ডিজিটাল সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
আমিরাতের স্থানীয় আইন ও প্রথা মেনে চলার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী সিআইপিদের মাধ্যমে সাধারণ প্রবাসীদের সচেতন করার আহ্বান জানান। সংবেদনশীল পরিস্থিতিতে ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিংবা এআই ব্যবহার করে নেতিবাচক প্রচারণা চালানো থেকে বিরত থাকতে বলেন তিনি।
কোনো ধরনের অবৈধ কাজ বা অপরাধমূলক আচরণে জড়িয়ে না পড়তে কনস্যুলেট ও মিশনের সাথে যৌথ সচেতনতামূলক কার্যক্রম চালানোর ওপরও জোর দেন মন্ত্রী।
সভায় বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ভিসা চালুর ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া, বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়ানো, প্রবাসী কার্ড দ্রুত চালু করা, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা, হাসপাতালে সাশ্রয়ী চিকিৎসা, প্রবাসী সন্তানদের শিক্ষা নিশ্চিত করা, সাশ্রয়ী বিমান টিকিট, ড্রাই ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন এবং বিনিয়োগের মুনাফা বিদেশে ফেরত নেওয়ার সুযোগসহ নানা দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।