সারা দেশে ব্যাপক কর্মসূচিতে উদযাপিত হবে বিশ্ব পর্যটন দিবস
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, July 23, 2026
আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়েও একযোগে নানা আয়োজনের মাধ্যমে উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের পর্যটন সম্ভাবনা, সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে বিশেষ প্রদর্শনী, প্রচারণা ও সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সভায় পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, এবার বিশ্ব পর্যটন দিবস সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে চায় সরকার। দেশের পর্যটন খাতকে বিশ্বদরবারে তুলে ধরতে দেশীয় কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি জেলা পর্যায়েও একই সময়ে দিবসটি উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, বিশ্ব পর্যটন দিবসের বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। এ লক্ষ্য অর্জনে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সক্রিয় সহযোগিতাও কামনা করেন তিনি।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দিবসটি উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তুত করা টিভিসি দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে প্রচার করা হবে। এছাড়া বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসিসহ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।