Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

‘সার্ভে স্কুল হতে বুয়েট’: ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে

‘সার্ভে স্কুল হতে বুয়েট’: ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে

ছবি: ওহিদুজ্জামান টিটু


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে আগামী বছরের ৬ থেকে ১৩ জানুয়ারি আট দিনের উৎসব হবে। বুয়েট অ্যালামনাই আজ বুধবার সকালে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেছে। অনুষ্ঠানের মূল আয়োজন হবে বুয়েটের খেলার মাঠে। প্রতিপাদ্য ‘সার্ভে স্কুল হতে বুয়েট, গৌরবের ১৫০ বছর (১৮৭৬-২০২৬)’। স্লোগান ‘We are Proud of our 150 year’s heritage’।


সকাল ১১টায় বুয়েটের কাউন্সিল ভবনের দোতলার সেমিনার রুমে সংবাদ সম্মেলন হয়। স্বাগত বক্তব্যে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক এবং অ্যালামনাইয়ের সমন্বয়ক ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মোতালেব আশা প্রকাশ করেন, এই মহাপুনর্মিলনী অ্যালামনিদের মধ্যে দৃঢ় সেতুবন্ধন তৈরি করবে।


অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী আতিকুর রহমান ভূঁইয়া পিনু সংগঠনের কার্যক্রম তুলে ধরে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চান। ১৪তম মহাপুনর্মিলনী উদ্‌যাপন কমিটির সদস্য-সচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান সপ্তাহব্যাপী কর্মসূচি উপস্থাপন করেন। কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুর রউফ প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিষয়ে কথা বলেন।


বিশেষ অতিথি বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ১৮৭৬ সালে সার্ভে স্কুল থেকে যাত্রা শুরু করে বুয়েট দেশের প্রকৌশল ও প্রযুক্তি খাতে অনন্য ভূমিকা রেখেছে। তাঁর ভাষায়, এই উৎসব গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।


প্রধান অতিথি ও অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক বলেন, “বুয়েটের ১৫০ বছর পূর্তি কেবল একটি বিশ্ববিদ্যালয়ের উৎসব নয়, বরং এটি বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ও জাতীয় উন্নয়নের এক ঐতিহাসিক মাইলফলক।” তিনি আশা করেন, দেশ-বিদেশে কর্মরত অ্যালামনিদের এই মিলনমেলা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কাজকে আরও গতি দেবে।


সভাপতির বক্তব্যে অ্যালামনাইয়ের সভাপতি প্রফেসর ড. আইনুন নিশাত বলেন, নলগোলা থেকে পলাশী পর্যন্ত বুয়েটের দেড় শ বছরের পথচলা সবার জন্য গর্বের। তাঁর মতে, অ্যালামনিদের এই মহামিলন পারস্পরিক বন্ধন দৃঢ় করবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিকনির্দেশনা দেবে। গণমাধ্যমকর্মীদের প্রশ্নোত্তর শেষে অডিওভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়।



কর্মসূচি


প্রথম দিন (৬ জানুয়ারি, বুধবার): সকাল ৮টা থেকে বুয়েটের ৯টি হলে ‘হল-ডে’ কর্মসূচি, আনন্দ র‍্যালি ও শহীদ মিনারে জমায়েত। একই দিন ৬৩টি স্টল নিয়ে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ইনোভেশন ফেয়ার, জব ফেয়ার ও বুক ফেয়ার উদ্বোধন করা হবে। বিকেলে ড. জামিলুর রেজা চৌধুরী ৫ম স্মারক বক্তৃতা এবং সন্ধ্যায় বুয়েটের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।


দ্বিতীয় দিন (৭ জানুয়ারি, বৃহস্পতিবার): সকালে ১৫০ বছর পূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন এবং বুয়েটের ইতিহাস ও অবদান নিয়ে সেমিনার। বিকেলে ‘আমার বুয়েট, আমার বুয়েট অ্যালামনাই: প্রত্যাশা, প্রাপ্তি ও পরামর্শ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা। সন্ধ্যায় অ্যালামনাই পরিবারের সদস্যদের সাংস্কৃতিক সন্ধ্যা।


তৃতীয় দিন (৮ জানুয়ারি, শুক্রবার): ১৪তম মহাপুনর্মিলনী উদ্‌যাপন, প্রামাণ্য ভিডিও প্রদর্শন, বুয়েটের ১৫০ কৃতী অ্যালামনাইকে নিয়ে আলোচনা, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও ঐতিহাসিক বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে গ্র্যান্ড ডিনার।


চতুর্থ দিন (৯ জানুয়ারি, শনিবার): সকালে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা ও সফল উদ্যোক্তাদের গল্প। বিকেলে ৫০ ও ৩০ বছর পূর্তিতে বুয়েট গ্র্যাজুয়েটদের সংবর্ধনা এবং শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে উদ্যোক্তা ও স্পনসরদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজ।


পঞ্চম থেকে অষ্টম দিন (১০-১৩ জানুয়ারি): অ্যালামনিদের জন্য তিনটি ঐচ্ছিক ভ্রমণের ব্যবস্থা থাকবে। এগুলো হলো সুন্দরবন ভ্রমণ (১০-১৩ জানুয়ারি), পদ্মা নদীতে ডে ক্রুজ (১০ জানুয়ারি) এবং গাজীপুরের সারাহ রিসোর্টে ডে ট্রিপ (১০ জানুয়ারি)। ১৩ জানুয়ারি ভোর ৬টায় সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকায় ফেরার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।


৬ থেকে ৯ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ইনোভেশন ও বুক ফেয়ার চলবে। ৬ ও ৭ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিবন্ধন সামগ্রী বিতরণ ও জব ফেয়ার থাকবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News