উড়োজাহাজ লিজ ও ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগে আগ্রহ হাইবারি গ্রুপের
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Tuesday, November 10, 2026
-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে বিনিয়োগের আগ্রহ জানিয়েছে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপ (Highbury Group)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর (William Prothero) নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয় বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এ সময় উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন ও লিজিং খাতে বিশ্বজুড়ে বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রোথেরো।
মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক করে আন্তর্জাতিক পরিসরে সম্মানজনক অবস্থানে নিতে সরকার কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সকে আরও শক্তিশালী ও লাভজনক করতে ইতিমধ্যে বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন উড়োজাহাজ হাতে পেতে যে সময় লাগবে, তা বিবেচনায় রেখে মধ্যবর্তী সময়ের চাহিদা মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি সরকার ভাবছে। এ ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ নানা কারিগরি ও পরিচালনাগত সূচক যথাযথভাবে যাচাই করা হবে।
দেশে এয়ার কার্গোর চাহিদা বাড়ছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিমানের বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটারে, অর্থাৎ পুরোপুরি পণ্য পরিবহনের উপযোগী উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা সরকারের আছে। এটি বাস্তবায়িত হলে কার্গোর বিপুল চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহনের সক্ষমতা বাড়বে বলে তিনি মনে করেন। এতে বিমানের আয়ও বাড়বে।
হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পেলে সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহনের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে দুই পক্ষ ইতিবাচক আলোচনা করেছে। এ ধরনের সহযোগিতা দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে তাঁরা আশা প্রকাশ করেন।