Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদির সঙ্গে হজ চুক্তি সই, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সৌদির সঙ্গে হজ চুক্তি সই, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

ছবি- মন্ত্রণালয়


সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি সই হয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জেদ্দায় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পরে তিনি জানান, চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁর ভাষ্য, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বাড়িয়েছেন। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০।

গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।

ধর্মমন্ত্রী জানান, বৈঠকে মক্কার কাছে মীনায় তাঁবুর জায়গার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। তবে এ সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি মন্ত্রী আশ্বাস দিয়েছেন, অন্য কোনো দেশ নিজেদের কোটা পূরণ করতে না পারলে বা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করা হবে। ধর্মমন্ত্রীর ভাষ্য, সৌদি মন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, "তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার, আমরা করব।"

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। কোটা বাড়ানো ও সার্বিক সহায়তার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলস কাজ করছে। হজযাত্রীদের সেবার মান বাড়াতে ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এ প্রচেষ্টা চলবে বলেও তিনি জানান।

চুক্তি স্বাক্ষরের সময় সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News