Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

অনিয়ম, রাজস্ব ক্ষতি ও অপচয়: দায় নির্ধারণের নির্দেশ বিমানকে

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 11, 2026
অনিয়ম, রাজস্ব ক্ষতি ও অপচয়: দায় নির্ধারণের নির্দেশ বিমানকে

-জাতীয় সংসদ


আর্থিক অনিয়ম, সরকারি অর্থের অপচয় ও রাজস্ব ক্ষতির দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। 


মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বাসস এ খবর দিয়েছে।


কমিটি বিমানের প্রতি তাদের আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে। সভায় অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট চালানোর বিষয়ে আলোচনা হয়।


দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ

বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়া হয়েছে। কমিটি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পরে এই উড়োজাহাজের পরিচালন ব্যয়সহ বিভিন্ন কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের অভিযোগও আলোচিত হয়। কমিটি নির্দেশ দিয়েছে, এ ক্রয় ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে হবে। অর্থ অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও বলা হয়েছে।


কমিটি আরও জানায়, এই দুই উড়োজাহাজের ব্যয়ের চুক্তি ও বিলের নথিপত্র বিমান নিরীক্ষকদের কাছে দেখাতে পারেনি। ১৫ দিনের মধ্যে সব নথি নিরীক্ষকদের হাতে দিতে বিমানকে নির্দেশ দেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে তা দেওয়ার অঙ্গীকার করেছে।


রাজস্ব ও সিস্টেম

অডিটের তথ্য অনুযায়ী, ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতায় বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে। অডিটে দেখা গেছে, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অর্থ নেওয়া হলেও সেই টাকা বিমানের হিসাব ব্যবস্থায় জমা পড়েনি। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি ঠেকাতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি) বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু করেছে। কমিটি বিমানকে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য নিরীক্ষকদের দিতে বলেছে।


প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরকেও নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ আছে, চুক্তি অনুযায়ী কাজ সম্পূর্ণ সরবরাহ না করলেও বিমান প্রতিষ্ঠানটিকে পুরো অর্থ পরিশোধ করেছে। বিমান ও অডিট বিভাগকে এ বিষয়ে যৌথভাবে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।


রুট ও কার্গো ফ্লাইট

যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়া পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট চালানোর ফলে আর্থিক ক্ষতির বিষয়টি অডিটে উঠে এসেছে। এ নিয়ে কমিটি পর্ষদের সিদ্ধান্তের নথি ও প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন চেয়েছে।


করোনার সময় ঢাকা-গুয়াংজু রুটে চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগও কমিটির সভায় আসে। কমিটি এক মাসের মধ্যে অভ্যন্তরীণ তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলেছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।


ঝুলে থাকা অডিট আপত্তি

সভায় জানানো হয়, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের বিরুদ্ধে ১১১টি অডিট আপত্তি নিষ্পত্তি হয়নি। এতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত। অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির মধ্যে আটটির ক্ষেত্রে বিমান বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি। তাই অডিট বিভাগ ওই আটটির বিষয়ে বিমানের দাবি গ্রহণ করেনি।


কমিটি বিমানকে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলেছে। তাতে অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি নিয়ে সময়সীমা বেঁধে দেওয়া কর্মপরিকল্পনা থাকতে হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি বিমানের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব আদায় এবং অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দিয়েছে। প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিতে আধুনিক, দক্ষ ও লাভজনক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


সভায় কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া সিএজি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়, মন্ত্রণালয় ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News