সবচেয়ে দীর্ঘ ফ্লাইটের বিশ্বরেকর্ড এয়ারবাস এ৩৫০-১০০০ইউএলআরের
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, November 10, 2026
-এয়ারবাস
যাত্রীবাহী উড়োজাহাজের মধ্যে সবচেয়ে দীর্ঘ দূরত্বের ফ্লাইটের গিনেস বিশ্বরেকর্ড গড়েছে এয়ারবাসের এ৩৫০-১০০০ইউএলআর (আলট্রা লং রেঞ্জ)। উড়োজাহাজটি কোয়ান্টাস এয়ারওয়েজের জন্য তৈরি করা হচ্ছে। ৯ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারবাস এ কথা জানিয়েছে।
রেকর্ড গড়া ফ্লাইটটি হয়েছিল জুলাইয়ে। এয়ারবাসের পরিচালিত এই ফ্লাইট (কল সাইন এআইবি৩৫এলআর) অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ২৭ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ২৭ মিনিটে ছেড়ে যায়। ফ্রান্সের তুলুজে অবতরণ করে ২৮ জুলাই স্থানীয় সময় সকাল ৯টা ৫১ মিনিটে। এয়ারবাস জানায়, উড়োজাহাজটি ১২ হাজার ৫০৩ নটিক্যাল মাইল (২৩ হাজার ১৫৫ কিলোমিটার) পথ পাড়ি দিয়েছে, সময় লেগেছে ২৪ ঘণ্টা ২৪ মিনিট। আন্তর্জাতিক এয়ারোনটিক্যাল ফেডারেশন (এফএআই) এবং ফ্লাইটরাডার২৪ স্বাধীনভাবে উড়োজাহাজের তথ্য যাচাই করেছে। সেই তথ্যের ভিত্তিতেই রেকর্ডটি স্বীকৃতি পেয়েছে।
ফ্লাইটটি ছিল কোয়ান্টাসের প্রজেক্ট সানরাইজের আওতায় তৈরি এ৩৫০-১০০০ইউএলআরের পরীক্ষামূলক ফ্লাইট কর্মসূচির অংশ। এয়ারবাস জানায়, সবচেয়ে দীর্ঘ বাণিজ্যিক ফ্লাইটের পরিস্থিতি বোঝার জন্য অন্তত একটি পর্যায়ে ২৩ ঘণ্টার ব্লক টাইম চালানোর শর্ত ছিল।
উড়োজাহাজটি মেলবোর্ন থেকে উড়ে সিডনির ওপর দিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে লস অ্যাঞ্জেলেসের দিকে যায়। এরপর উত্তর আমেরিকা ও আটলান্টিক পেরিয়ে লন্ডনের ওপর দিয়ে তুলুজে নামে। এয়ারবাস জানায়, তিন মহাদেশ ও দুই মহাসাগর পেরোনোর সময় ক্রুরা দুবার সূর্যাস্ত ও দুবার সূর্যোদয় দেখেছেন।
ফ্লাইটে মোট ১৩ জন ছিলেন। এঁদের মধ্যে এয়ারবাসের তিনজন ফ্লাইট টেস্ট পাইলট, কোয়ান্টাসের দুজন পাইলট, এয়ারবাসের পাঁচজন ফ্লাইট টেস্ট প্রকৌশলী, দুজন ডিজাইন প্রকৌশলী এবং এফএআইয়ের একজন প্রতিনিধি ছিলেন।
এয়ারবাসের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রধান নির্বাহী লার্স ওয়াগনার বলেন, কোয়ান্টাসের চ্যালেঞ্জ নিয়ে এয়ারবাসের দলগুলো এ৩৫০-১০০০-এর পাল্লা দক্ষ ও অর্থনৈতিকভাবে টেকসই উপায়ে বাড়িয়েছে। নন-স্টপ এই ফ্লাইটে উড়োজাহাজটির সক্ষমতা পুরোপুরি প্রমাণিত হয়েছে বলেও তিনি জানান। বিশ্বরেকর্ডকে তিনি বাড়তি পাওনা বলে উল্লেখ করেন।
এয়ারবাস জানায়, এ৩৫০-১০০০ইউএলআর দিয়ে কোয়ান্টাস প্রথমবারের মতো সিডনি থেকে লন্ডন ও নিউইয়র্কে নন-স্টপ ফ্লাইট চালাতে পারবে। দূরত্ব প্রায় ১০ হাজার নটিক্যাল মাইল, ফ্লাইটের সময় লাগবে সর্বোচ্চ ২২ ঘণ্টা। উড়োজাহাজের কাঠামোতে পেছনের দিকে একটি বাড়তি সেন্টার ট্যাংক যুক্ত করায় এটি সম্ভব হয়েছে। এতে উড়োজাহাজের পাল্লা এক হাজার নটিক্যাল মাইল বেড়েছে।
প্রজেক্ট সানরাইজের আওতায় কোয়ান্টাস ১২টি এ৩৫০-১০০০ইউএলআরের অর্ডার দিয়েছে। এ ছাড়া তাদের অর্ডারে রয়েছে ১২টি সাধারণ এ৩৫০-১০০০। এয়ারবাস জানায়, প্রথম ইউএলআর উড়োজাহাজটি আগামী এপ্রিলে হস্তান্তর করার কথা। সিডনি-লন্ডন রুটে সেবা চালু হবে এর পরে, একই বছরের মধ্যে।
এয়ারবাস আরও জানায়, অক্টোবরের শেষে এ৩৫০ পরিবারের মোট অর্ডার দাঁড়িয়েছে ৭০টি গ্রাহকের ১ হাজার ৬২৮টি। এর মধ্যে ৪২টি অপারেটরের ৭৪০টির বেশি উড়োজাহাজ এখন ফ্লাইট চালাচ্ছে।