শ্রীলঙ্কার সঙ্গে ভিসামুক্ত চুক্তির অনুমোদন দিল থাইল্যান্ড
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 18, 2026
ছবি-সংগৃহীত
শ্রীলঙ্কার সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে থাইল্যান্ডের মন্ত্রিসভা। চুক্তি কার্যকর হলে দুই দেশের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারবেন।
মঙ্গলবার থাইল্যান্ডের মন্ত্রিসভা এ অনুমোদন দেয় বলে জানিয়েছে নেশন থাইল্যান্ড। দেশটির সরকারের উপমুখপাত্র প্লয়থালাই লাকসামিসেংজান এ তথ্য জানান।
চুক্তি অনুযায়ী, ১৮০ দিনের মধ্যে দুই দেশের নাগরিকেরা সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন। তবে ৩০ দিনের বেশি থাকতে চাইলে, কাজ করতে বা পড়াশোনা করতে চাইলে আগে থেকে ভিসা নিতে হবে।
চুক্তিটি কার্যকর হবে দুই দেশ নিজ নিজ দেশের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি লিখিতভাবে জানানোর ৬০ দিন পর।
থাইল্যান্ডের সরকার বলছে, এই চুক্তির ফলে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও ধর্মীয় কার্যক্রম বাড়বে।
শ্রীলঙ্কার মন্ত্রিসভাও গত অক্টোবরের শুরুতে চুক্তিতে স্বাক্ষরের অনুমোদন দিয়েছিল।
তবে গত ১৫ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কার নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বন্ধ রয়েছে। ফলে দেশটিতে যেতে তাঁদের ভিসা নিতে হচ্ছে। ভিসামুক্ত সুবিধা ব্যবহার করে শ্রীলঙ্কার কিছু নাগরিকের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পর থাইল্যান্ড এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম।