Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নয় মাসে দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ২৮ শতাংশ

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 17, 2026
নয় মাসে দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ২৮ শতাংশ

সংগৃহীত

চলতি বছরের প্রথম নয় মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৫ কোটি ৪ লাখ যাত্রী যাতায়াত করেছেন। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৮ দশমিক ১ শতাংশ কম। আঞ্চলিক সংঘাতের প্রভাবে বিমান চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীসংখ্যা কমেছে।


সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে বিমানবন্দরটি দিয়ে যাতায়াত করেছেন ১ কোটি ৮৮ লাখ যাত্রী। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২২ দশমিক ১ শতাংশ কম। এ সময়ে আগস্ট মাসে সবচেয়ে বেশি ৬৬ লাখ যাত্রী যাতায়াত করেন।


তবে দ্বিতীয় প্রান্তিক থেকে যাত্রী চলাচল ধীরে ধীরে বাড়ছে। এপ্রিলে ৩৫ লাখ যাত্রী যাতায়াত করলেও মে মাসে তা বেড়ে ৪৫ লাখ এবং জুনে ৫০ লাখে পৌঁছায়। বছরের প্রথম ছয় মাসে মোট যাত্রীসংখ্যা ছিল ৩ কোটি ১৫ লাখ।


দুবাই এয়ারপোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস বলেন, চলতি বছর বিমানবন্দরটিতে যাত্রীসংখ্যা ৭ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আরও বেশি এয়ারলাইনসের ফ্লাইট চালু হলে যাত্রী চলাচল বাড়বে। এ জন্য ভবিষ্যতের চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।


বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০১টি দেশের ২৩৫টি গন্তব্যে ৫৭টি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছে। বছরের প্রথমার্ধে এ সংখ্যা ছিল প্রায় ৫০টি এয়ারলাইনস ও ২১৭টি গন্তব্য। চলতি মাসের শুরুতে ব্রিটিশ এয়ারওয়েজ আবারও ফ্লাইট চালু করেছে। এর আগে রয়্যাল এয়ার মরক্কো, সানএক্সপ্রেস ও সেবু প্যাসিফিক ফ্লাইট চালু করে। আগামী কয়েক সপ্তাহে আরও এয়ারলাইনস ফিরে আসবে বলে জানিয়েছে বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।


প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে বিমানবন্দরটির ৪৯ শতাংশ যাত্রী সরাসরি দুবাইয়ে আসা-যাওয়া করেছেন। বাকি ৫১ শতাংশ যাত্রী অন্য গন্তব্যে যাওয়ার জন্য বিমানবন্দরটি ব্যবহার করেছেন।


তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছেন ভারতের সঙ্গে। এ সময়ে ভারত থেকে ২৬ লাখ যাত্রী যাতায়াত করেন। এরপর সৌদি আরব থেকে ১৪ লাখ, যুক্তরাজ্য থেকে ১৩ লাখ, পাকিস্তান থেকে ৮ লাখ, যুক্তরাষ্ট্র থেকে ৬ লাখ ৪০ হাজার এবং জার্মানি থেকে ৪ লাখ ৮০ হাজার যাত্রী যাতায়াত করেন।


শহর হিসেবে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছেন লন্ডনে। এ সংখ্যা ছিল ৭ লাখ ৮৪ হাজার। এরপর রয়েছে মুম্বাই, নয়াদিল্লি, রিয়াদ ও জেদ্দা। এসব শহরে যাত্রীসংখ্যা ছিল যথাক্রমে ৫ লাখ ২৮ হাজার, ৫ লাখ ২৫ হাজার, ৫ লাখ ও ৪ লাখ ৯০ হাজার।


অন্যদিকে অবকাশযাপনের গন্তব্যগুলোর মধ্যে মিলানে যাত্রীসংখ্যা ২০ শতাংশ, ফুকেটে ১৭ শতাংশ, কেপটাউনে ১৪ শতাংশ, বার্সেলোনায় ১৩ শতাংশ এবং ডেনপাসারে ১১ শতাংশ বেড়েছে।


প্রথম নয় মাসে বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামা করেছে ২ লাখ ৪৩ হাজার বার। আগের বছরের তুলনায় এ সংখ্যা ২৭ দশমিক ৬ শতাংশ কম। এ সময়ে কার্গো পরিবহন হয়েছে ১২ লাখ ১৫ হাজার টন, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ২ শতাংশ কম।


যাত্রীবাহী উড়োজাহাজের আসন ব্যবহারের গড় হার ছিল ৭৪ শতাংশ। আগের বছরের তুলনায় এ হার ৩ শতাংশীয় পয়েন্ট কম। প্রতিটি ফ্লাইটে গড়ে ২১১ জন যাত্রী ছিলেন।


এদিকে বাড়তি যাত্রী সামলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিশ্লেষণ ও স্বয়ংক্রিয় সেবায় বিনিয়োগ বাড়াচ্ছে দুবাই এয়ারপোর্টস। বিমানবন্দরের বিভিন্ন স্থানের তথ্য ও ভিডিও একত্র করে পরিচালন কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি আগেভাগে যাত্রীচাপের সম্ভাব্য জায়গা শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে।


পল গ্রিফিথস বলেন, প্রযুক্তির ব্যবহার ও কাজের পদ্ধতিতে উন্নয়নের মাধ্যমে বিমানবন্দরের আয়তন না বাড়িয়েও অতিরিক্ত যাত্রী সামলানোর সক্ষমতা তৈরি করা সম্ভব।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News