ভিসা নিয়ে সুখবর দিল ট্রাম্প সরকার
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, January 31, 2026
File photo
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬৫ হাজার অতিরিক্ত এইচ-২বি মৌসুমি গেস্ট ওয়ার্কার ভিসা জারি করার সিদ্ধান্ত নিয়েছে।
ফেডারেল রেজিস্টারের এক নোটিসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে শ্রমিক সংকটে পড়া নিয়োগকর্তাদের জন্য এই অতিরিক্ত ভিসা উন্মুক্ত করা হবে। সাধারণত প্রতিবছর ৬৬ হাজার এইচ-২বি ভিসা দেওয়া হয়। তবে এই নতুন ব্যবস্থা শ্রমিকের ঘাটতি পূরণে সহায়ক হবে বলে জানানো হয়েছে।
নোটিসে বলা হয়েছে, হোটেল ও নির্মাণসহ বিভিন্ন মৌসুমি খাতে মার্কিন নিয়োগকর্তারা পর্যাপ্ত শ্রমিক খুঁজে পেতে সমস্যায় পড়ছেন। ট্রাম্প প্রশাসন অতিরিক্ত ভিসার মাধ্যমে এ ঘাটতি পূরণ করতে চাইছে।
এর আগে ট্রাম্পের নীতি অনুযায়ী, অবৈধ অভিবাসন ও অনিয়মিত আবেদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বৈধ অভিবাসনের কিছু প্রক্রিয়া কঠোর করা হয়েছে। তবে অতিরিক্ত এইচ-২বি ভিসা জারি হওয়ার ঘটনা নতুন নয়; বাইডেন প্রশাসন এবং ট্রাম্পের ২০১৭-২০২১ মেয়াদেও এটি করা হয়েছিল।
মৌসুমি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বেশি ভিসার দাবি জানিয়ে আসছিল। তবে কিছু অভিবাসন বিরোধী গোষ্ঠী বলছে, এতে স্থানীয় শ্রমিকদের মজুরি কমার ঝুঁকি রয়েছে।
ফেডারেল রেজিস্টারের নোটিসে জানানো হয়েছে, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকর করতে অস্থায়ী একটি বিধি আগামী মঙ্গলবার প্রকাশ করা হবে।
সূত্র: রয়টার্স