ওয়াশিংটনে শপথ নিলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
সিনিয়র প্রতিবেদক
| Published: Saturday, January 10, 2026
ছবি: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস
বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা হলো বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শুক্রবার শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন,
‘যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।’
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্ব গ্রহণে আনন্দ প্রকাশ করেছে।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।