যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে: কুক
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Sunday, August 30, 2026
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রোববার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অভিবাসন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, জনগণের মধ্যে গভীর যোগাযোগ ও সম্পর্ক দুই দেশের অংশীদারিত্বের অন্যতম ভিত্তি। এর পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।
তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের বিদ্যমান অংশীদারিত্বকে আরও গভীর করার পাশাপাশি এর সুফল জনগণের কাছে পৌঁছে দিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।