যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ত্রুটি, বাতিল ১০০০+ ফ্লাইট
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, September 09, 2026
এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটির কারণে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যজুড়ে ব্যাপক ভ্রমণ বিপর্যয় দেখা দেয়। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এতে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হয় এবং যাত্রীরা রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন।
ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস জানিয়েছে, সন্ধ্যা নাগাদ তাদের ফ্লাইট প্রসেসিং সিস্টেমের সমস্যাটি সমাধান করা হয়েছে। তবে ততক্ষণে যুক্তরাজ্যের ১৫টি বিমানবন্দরসহ আরও অনেক স্থানে বিলম্বের প্রভাব ছড়িয়ে পড়ে, আর বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ জমে থাকা বিশাল ফ্লাইট জট সামলাতে হিমশিম খায়।
গ্যাটউইক বিমানবন্দরে তিন ঘণ্টা বিমানের ভেতরে আটকে থাকার পর যাত্রী জোসি ডোনোহিউয়ের আয়ারল্যান্ডগামী রায়ানএয়ার ফ্লাইট শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। তিনি বলেন, ওই বিমানবন্দর থেকে বের হওয়া রীতিমতো দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা ছিল।
লন্ডন হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট ছাড়া আবার শুরু হলেও বিপর্যয়ের কারণে বাকি রাতের জন্য অবতরণ স্থগিত রাখা হয় এবং আরও বিলম্বের আশঙ্কার কথা জানানো হয়।
বাল্টিমোরগামী এক ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইটের যাত্রীরা হিথ্রোতে চার ঘণ্টা মাটিতে বসে থাকার পর বিমান থেকে নেমে যান। বিলম্বের সময় ক্রুরা যাত্রীদের খাবার পরিবেশন করেন, আর যাত্রীরা সিনেমা দেখে বা করিডোরে হেঁটে সময় কাটান। তবে নামার পর ব্যাগেজ ক্লেইম এলাকায়ও তাদের ভোগান্তি অব্যাহত থাকে বলে জানা গেছে।
ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, তারা শতাধিক ফ্লাইট বাতিল বা ভিন্ন পথে চালাতে বাধ্য হয়েছে। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ঘটনার তীব্রতার কারণে এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে এবং পুরো বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, যা যাত্রী ও কর্মীদের জন্য অত্যন্ত হতাশাজনক।
রায়ানএয়ার জানিয়েছে, তাদের ৬৫ হাজারের বেশি যাত্রী এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৫০টির বেশি নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়েছে।
স্ট্যান্সটেড, লন্ডন সিটি, ম্যানচেস্টার, বার্মিংহাম, গ্যাটউইকসহ স্কটল্যান্ডের বিমানবন্দরগুলোও এই বিপর্যয়ের আওতায় পড়ে। কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের কাছে ফ্লাইটের সবশেষ অবস্থা জেনে নিতে অনুরোধ জানিয়েছে। বাজেট এয়ারলাইন্স ইজিজেট জানায়, তাদের কিছু ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি এবং সিস্টেম বিভ্রাটের প্রভাব ইউরোপজুড়ে ফ্লাইট বিলম্বেও পড়েছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।