যুক্তরাষ্ট্র ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, August 25, 2026
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন প্রায় দুই লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে, যারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন অথবা করার প্রক্রিয়ায় আছেন। বাস্তবায়িত হলে এটি হবে মার্কিন ইতিহাসে একক সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা, যা আইনি চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি এবং দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি১ ও বি২ ভিসা বাতিলের ঘোষণা আসতে পারে, যেসব ভিসাধারী আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সমন্বয়ে এই পদক্ষেপ নেওয়া হবে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, স্বল্পমেয়াদি ভ্রমণকারী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরে স্থায়ীভাবে থেকে যেতে আশ্রয়ের আবেদন করা বিদেশিদের ভিসা চিহ্নিত করে বাতিল করতে তারা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করছেন। কতটি ভিসা বাতিল হতে পারে তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি, বলেছেন প্রক্রিয়াটি চলমান থাকায় সংখ্যাটি পরিবর্তনশীল এবং ধারাবাহিকভাবে বাতিল করা হবে।
কর্মকর্তারা জানান, ভিসা বাতিল হলেই তাদের তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে না। বর্তমানে যাদের আশ্রয় আবেদন প্রক্রিয়াধীন, তাদের অধিকাংশকে নতুন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হবে, তবে তারা ব্যবসা বা পর্যটন ভ্রমণকারীর মর্যাদা হারাবেন। ভিসা বাতিল এখনো চূড়ান্ত না হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তারা এ তথ্য জানান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রশাসন ধারাবাহিকভাবে ভিসা আবেদনকারীদের ওপর বিধিনিষেধ বাড়িয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিহাস সম্পর্কে অতিরিক্ত তথ্য চাওয়া, ভিসা প্রক্রিয়াকরণের জন্য ব্যয়বহুল জামানত জমা দেওয়ার শর্ত আরোপ এবং নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য সরাসরি ভিসা ইস্যু বন্ধ রাখার মতো পদক্ষেপ নিয়েছে তারা।
সোমবার এক সামাজিক মাধ্যম পোস্টে উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডো পর্যটন ও ব্যবসায়িক ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরে আশ্রয়ের আবেদন করাদের সমালোচনা করেন।
তিনি এক্স-এ লেখেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মানুষ ভুয়া আশ্রয় আবেদনে বিরক্ত এবং অভিবাসন আইন এড়ানোর সুযোগ হিসেবে আশ্রয় ব্যবস্থাকে ব্যবহার করা উচিত নয়। এ প্রসঙ্গে তিনি ২০১৫ সালে পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে আসা এবং পরে আশ্রয়ের আবেদন করা এক কলম্বিয়ান নাগরিকের উদাহরণ দেন।
সাধারণত বি১ ভিসা ব্যবসায়িক ভ্রমণের জন্য এবং বি২ ভিসা পর্যটন, পারিবারিক সাক্ষাৎ বা চিকিৎসার জন্য ইস্যু করা হয়। বর্তমানে বি১ ও বি২ ভিসা আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন না করার এবং নিজ দেশে ফিরে যাওয়ার অভিপ্রায় প্রমাণের অঙ্গীকার করতে হয়।
গত ১৮ মাসে পররাষ্ট্র দপ্তর মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে শুরু করে ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্তদের এবং যুক্তরাষ্ট্রের নীতি, বিশেষত মধ্যপ্রাচ্য বিষয়ক নীতির বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেওয়া ব্যক্তিদের প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে।
এপি’র রিপোর্টে বলা হয় ‘তথাকথিত’ "বার্থ ট্যুরিজম" ঠেকাতেও পদক্ষেপ নিয়েছে প্রশাসন, যার আওতায় বিদেশি গর্ভবতী নারীরা সন্তানের জন্মসূত্রে নাগরিকত্ব পাইয়ে দিতে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেন বলে প্রশাসনের দাবি। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের একাধিক চেষ্টা করলেও সুপ্রিম কোর্টসহ আদালতে তা বাতিল হয়ে গেছে।
সূত্র: এপি (অ্যাসোসিয়েটেড প্রেস)