Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 27, 2026
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন

সংগৃহীত

শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষের থ্যাংকসগিভিং উৎসব উদযাপন ব্যাহত হয়েছে। ঝড়ের কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেডও পিছিয়ে দেওয়া হয়েছে।  ১০০ বছরের ইতিহাসে এই প্রথম নির্ধারিত দিনে আয়োজনটি স্থগিত করা হলো। খবর বার্তা সংস্থা এএফপি’র।


‘নরইস্টার’ নামে পরিচিত শক্তিশালী ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। এতে দেশটির অন্যতম ব্যস্ত ছুটির মৌসুমে সড়ক ও আকাশপথে যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হয়।


দেশজুড়ে পরিবারগুলো যখন ঐতিহ্যবাহী ছুটির ভোজ উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, তখন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিমান চলাচলের ক্ষেত্রেও ব্যাপক বিপর্যয় দেখা দেয়। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল ও ২ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। 

এই ফ্লাইট বিলম্বিত হওয়ার বেশির ভাগই ঘটনাই দেশটির পূর্বাঞ্চলে ঘটছে।


নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস প্যারেডে ম্যানহাটনের কেন্দ্রস্থলজুড়ে নানা রঙের বিশাল বেলুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। আয়োজকেরা জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্যারেডটি পিছিয়ে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রতি বছর এ আয়োজন দেখতে লাখ লাখ মানুষ জড়ো হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর প্যারেডটি বাতিল করা হয়েছিল। এরপর থ্যাংকসগিভিংয়ের বৃহস্পতিবারে এটি আর কখনো বন্ধ রাখা হয়নি।


আয়োজকদের মনে থাকার কথা, ১৯৯৭ সালে ঝোড়ো বাতাসের কারণে প্যারেডে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল। সে সময় ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের ১৮ ফুট উঁচু একটি বিশাল বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়কবাতির খুঁটি ফেলে দেয়। এতে এক দর্শনার্থী অচেতন হয়ে পড়েন।


ম্যাসিস প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস বলেন, ‘প্যারেড পিছিয়ে দেওয়ায় আমরা অত্যন্ত মর্মাহত। তবে আমাদের সহযোগী, অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তা সব সময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’


যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বন্যার খবর পাওয়া গেছে। উপকূলের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ এলাকাগুলোতেও ঝড়ের প্রভাব পড়েছে। প্রচণ্ড বাতাস ও অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় অনেক গাছ উপড়ে বিদ্যুতের লাইন ও বাড়িঘরের ওপর পড়ে। দেশটির রাজধানী ওয়াশিংটনের উপকণ্ঠে মেরিল্যান্ডের কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি শোধনাগারের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে প্রায় ২০ লাখ গ্রাহককে কলের পানির ব্যবহার কমানোর অনুরোধ জানানো হয়েছে।


কর্তৃপক্ষ সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া সড়কে চলাচল না করার পরামর্শ দিয়েছে। আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে বুধবার জরুরি অবস্থা ঘোষণা করা নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘নিজেদের ইলেকট্রনিক যন্ত্রপাতির চার্জ ধরে রাখুন, বিদ্যুৎ বিভ্রাটের খবর সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে জানান ও ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার থেকে দূরে থাকুন।’ তবে এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কেউ কেউ নিজেদের মতো করে থ্যাংকসগিভিং উদযাপনের ব্যবস্থা করেছেন। সাধারণত এ উৎসবে পরিবারের সদস্যরা একসঙ্গে বড় আয়োজনে খাবার খান, যেখানে প্রধান আকর্ষণ থাকে টার্কির মাংস।


খ্যাতনামা শেফ হোসে আন্দ্রেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোমবাতির আলোয় সাজানো খাবার টেবিল এবং গ্যাসের চুলায় রান্না করা লবস্টারের একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘বিদ্যুৎ নেই? কোনো সমস্যা নেই।’


এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঝড়ের কারণে বিপর্যয়ের মধ্যেই চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়াতেও বৈরী আবহাওয়া দেখা দিয়েছে। সেখানে বিশাল ঢেউ আছড়ে পড়েছে উপকূলে। 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News