যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১২
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, June 15, 2026
ছবি: ভিডিও থেকে নেওয়া
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ জন আরোহী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর সংলগ্ন একটি মাঠে উড়োজাহাজটি আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।
মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রলের সার্জেন্ট জাস্টিন ইউয়িং জানান, উড়োজাহাজটি স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে উড্ডয়ন করেছিলো। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন, তবে উড়োজাহাজে থাকা ১২ জনের কেউই বেঁচে ছিলেন না। তিনি দুর্ঘটনাস্থলকে "ভয়াবহ" বলে বর্ণনা করেন।
বাটলার শহরটি কানসাস সিটি থেকে প্রায় ১০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রল বাটলার পুলিশ বিভাগ ও বেটস কাউন্টি শেরিফের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে।
দুর্ঘটনাস্থলের আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্র: এপি/রয়টার্স