Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

প্রতিবেদক | Published: Monday, October 19, 2026
ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

-কোলাজ


ঢাকা ও চট্টগ্রামের দুই বিমানবন্দরে আলাদা অভিযানে আনুমানিক ৫ কোটি টাকার স্বর্ণ ও স্বর্ণের পেস্টের তৈরি বস্তু জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ১৮ অক্টোবর এসব অভিযান চালানো হয় বলে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্রাইং প্যান ও সবজি গ্রেটারের ভেতর লুকানো ৪৬৬ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ডিমের আকৃতির ছয়টি স্বর্ণের পেস্টের বস্তু জব্দ করা হয়, যার ওজন ২ দশমিক ৭৩৪ কেজি। সিআইআইডি জানায়, যাত্রীদের মলদ্বার থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।


চট্টগ্রাম:

সিআইআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, কামরুল ইসলাম নামের এক যাত্রী ১৮ অক্টোবর সকাল ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ৩৫০-এ আবুধাবি থেকে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থানে ছিলেন। ওই যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার থাকার কথা ঘোষণা দিলেও এর বাইরে আর কোনো স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন।


পরে অন্যান্য সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে ফ্রাইং প্যান ও সবজি গ্রেটারের ভেতর লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার পাওয়া যায়। ঘোষিত অলংকারসহ এসব স্বর্ণ জব্দ করা হয়। মোট ৫৬৬ গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য শুল্ক ও কর-সহ ৯৮ লাখ ৩০ হাজার টাকা।


ঢাকা:

একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে ইউএস-বাংলার ফ্লাইট বিএস ৩৩৮-এ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান দুই যাত্রী। সিআইআইডি তাঁদের নাম মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমেদ বলে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেকের কাছ থেকে তিনটি করে স্বর্ণের পেস্টের বস্তু উদ্ধার করা হয়। ছয়টি বস্তুর প্রাথমিক ওজন ২ দশমিক ৭৩৪ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।


তবে এসব বস্তুতে খাঁটি স্বর্ণের প্রকৃত পরিমাণ ও সঠিক মূল্য এখনো নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছে সিআইআইডি। প্রয়োজনীয় পরীক্ষার পর স্বর্ণের পরিমাণ ও বাজারমূল্য নিশ্চিত করা হবে।


সিআইআইডি জানায়, দেশের বিমানবন্দরগুলো দিয়ে স্বর্ণ চোরাচালান ঠেকাতে গোয়েন্দা তৎপরতা, নিবিড় নজরদারি ও ঝুঁকিভিত্তিক যাত্রী যাচাইয়ের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান চলছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News