১৬ জুলাই থেকে সাজেকসহ রাঙামাটির সব পর্যটনকেন্দ্র খুলছে
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, July 15, 2026
টানা নয় দিন বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে সাজেক ভ্যালিসহ রাঙামাটির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হচ্ছে।
বুধবার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফি এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি নিশ্চিত করেন। এর মাধ্যমে গত ৭ জুলাই জারি করা জরুরি বিজ্ঞপ্তির সংশোধন করা হয়েছে, যেখানে বৈরী আবহাওয়ার কারণে জননিরাপত্তার স্বার্থে জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।
টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ধসের ঝুঁকির কারণে গত ৭ জুলাই সন্ধ্যা থেকে রাঙামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস ও পর্যটকদের জীবন ও সম্পদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় খুলে দেওয়া হলেও জেলা প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে চলমান বর্ষা মৌসুমে রাঙামাটি ভ্রমণের সময় পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের সব নির্দেশনা ও নিরাপত্তাবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে।