২০২৭ সালে বাড়তে পারে বিমানভাড়া, জ্বালানি তেল নিয়ে সতর্ক করল ইতিহাদ
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 13, 2026
জ্বালানির বাড়তি দাম নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী আন্তোনোআলদো নেভেস । ছবি- গালফ নিউজ
জ্বালানি তেলের বাড়তি দাম ২০২৭ সালে বিমান পরিবহন খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এর প্রভাব পড়তে পারে যাত্রীদের বিমানভাড়ায়ও। আগামী বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে ভাড়া বাড়ানোর চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী আন্তোনোআলদো নেভেস।
বৃহস্পতিবার গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে উড়োজাহাজের জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ১৫০ ডলার। অপরিশোধিত তেলের দাম ও পরিশোধন খরচ মিলিয়ে এ হিসাব করা হয়েছে। একটি বিমান সংস্থার মোট পরিচালন ব্যয়ের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশই জ্বালানি খাতে ব্যয় হয়।
নেভেস জানান, চলতি বছর অনেক বিমান সংস্থা আগাম জ্বালানি কিনে বা হেজিংয়ের মাধ্যমে বাড়তি দামের ঝুঁকি সামাল দিয়েছে। তবে ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে এ ধরনের সুরক্ষাব্যবস্থার পরিমাণ অনেক কমে আসবে। এতে বিমান সংস্থাগুলোর ওপর খরচের চাপ বাড়বে।
তিনি বলেন, জ্বালানির দাম কমলে ভ্রমণের চাহিদা বাড়ে। তাই দাম কমার আশা করছেন তিনি। তবে জ্বালানির দাম না কমলে বাড়তি খরচ বিমানভাড়ার সঙ্গে যুক্ত করতে হতে পারে ইতিহাদকে। যদিও ভাড়া বাড়ানোর ইচ্ছা তাদের নেই। নেভেসের মতে, এ সমস্যা শুধু ইতিহাদের নয়, পুরো বিমান পরিবহন খাতই একই চ্যালেঞ্জের মুখে রয়েছে।
জ্বালানির দাম বাড়লেও আপাতত ফ্লাইটের রুট পরিকল্পনায় পরিবর্তন আনছে না ইতিহাদ। নেভেস বলেন, বিমান সংস্থাটির সব রুট একটি সমন্বিত ব্যবস্থার অংশ। কোনো রুটে আয় কম হলে অন্য রুটের ভালো আয় দিয়ে তা সামাল দেওয়া সম্ভব। তবে যেসব দেশের যাত্রীদের ক্রয়ক্ষমতা কম, সেসব বাজারে ভাড়া বাড়ানোর সুযোগও সীমিত।
২০২৬ সালের শেষ দিকে ইতিহাদের আসনসংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। একই সময়ে যাত্রীদের চাহিদাও বেড়েছে ১৫ শতাংশ। সাক্ষাৎকারের সপ্তাহে বিমান সংস্থাটির আসন ব্যবহারের হার ছিল ৮৫ থেকে ৮৭ শতাংশ। নেটওয়ার্কভিত্তিক অন্যান্য বিমান সংস্থার ক্ষেত্রে এ হার সাধারণত ৭৮ থেকে ৮২ শতাংশ।
বর্তমানে ১২০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইতিহাদ। বছরে ২ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি ৭০ লাখ যাত্রী পরিবহন করে বিমান সংস্থাটি। আগামী বছর যাত্রীর সংখ্যা ৩ কোটি হবে বলে আশা করছেন নেভেস। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ১০ শতাংশ প্রবৃদ্ধির ব্যাপারেও আশাবাদী তিনি।
নেভেস জানান, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ভ্রমণের চাহিদা বেশ ভালো। আবুধাবিতে আসা-যাওয়া করা করপোরেট যাত্রীর সংখ্যাও গত বছরের তুলনায় বেড়েছে। নভেম্বর ও ডিসেম্বরের ব্যস্ত মৌসুম নিয়েও ইতিহাদের পরিকল্পনা ভালো অবস্থানে রয়েছে। এ সময়ে অনুষ্ঠিত হবে ফর্মুলা ওয়ান ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি গ্রাঁ প্রি।
এদিকে আগামী বছর থেকে উড়োজাহাজের অভ্যন্তরীণ সাজসজ্জা ও আসনব্যবস্থা আধুনিক করার কাজ শুরু করবে ইতিহাদ। ২০২৮ সালের শেষ নাগাদ বহরের ৯৫ শতাংশ উড়োজাহাজে নতুন বিন্যাস চালুর লক্ষ্য রয়েছে তাদের। এ ছাড়া এয়ারবাস এ৩৮০ আবারও বহরে ফিরিয়েছে বিমান সংস্থাটি। প্রথম শ্রেণির কেবিনসহ এয়ারবাস এ৩২১ এবং আগামী বছর নতুন এয়ারবাস এ৩৩০ উড়োজাহাজও যুক্ত হওয়ার কথা রয়েছে। যাত্রীদের সুবিধায় বাড়ি থেকে লাগেজ সংগ্রহের সেবাও চালু করেছে তারা।
যাত্রীসেবার মান বাড়াতে কেবিন ক্রুদের আইপ্যাড দেওয়া হচ্ছে বলে জানান নেভেস। এর মাধ্যমে যাত্রীদের পছন্দ ও চাহিদা সম্পর্কে জানতে পারবেন ক্রুরা। ফ্লাইটে কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করাও সহজ হবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রত্যেক যাত্রীর ব্যক্তিগত পছন্দ ও চাহিদা সম্পর্কে আরও ভালোভাবে জানার লক্ষ্য রয়েছে ইতিহাদের।
এ ছাড়া ফর্মুলা ওয়ান দল ম্যাকলারেনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিজেদের ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে চায় ইতিহাদ। ২০০৯ সাল থেকে আবুধাবি গ্রাঁ প্রির পৃষ্ঠপোষকতা করছে বিমান সংস্থাটি। এবার পুরো ফর্মুলা ওয়ান মৌসুমজুড়ে ম্যাকলারেন দলের সঙ্গে যুক্ত থাকার পরিকল্পনা রয়েছে তাদের। এ অংশীদারত্বের অংশ হিসেবে ম্যাকলারেনের রঙে সাজানো একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ইতিহাদের বিভিন্ন রুটে চলাচল করবে।
সূত্র: গালফ নিউজ