Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভাড়া পর্যালোচনা ও সেবার মান বাড়াতে এয়ারলাইন্সগুলোকে কড়া নির্দেশনা

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 13, 2026
ভাড়া পর্যালোচনা ও সেবার মান বাড়াতে এয়ারলাইন্সগুলোকে কড়া নির্দেশনা

আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মান বাড়াতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে বেবিচক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে উড়োজাহাজের ভাড়া পর্যালোচনা এবং সেবার মান বাড়ানোর কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে অপরিচ্ছন্ন উড়োজাহাজ পরিচালনা ও নিম্নমানের যাত্রীসেবা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি।


গতকাল বুধবার বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলামের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী সংশ্লিষ্ট সব দেশি-বিদেশি এয়ারলাইন্স ও এয়ারলাইন্স অপারেটিং কমিটির (এওসি) কাছে পাঠানো হয়েছে।


বেবিচকের চিঠিতে উড়োজাহাজের ভাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ভ্রমণের দূরত্ব ও সেবার মানের তুলনায় কিছু রুটে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ কারণে সব আন্তর্জাতিক রুটে ভ্রমণের দূরত্ব ও সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে ভাড়া পর্যালোচনা করতে এবং তা যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণের উদ্যোগ নিতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


যাত্রীসেবায় বৈষম্যের বিষয়টি তুলে ধরে নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছে, কিছু এয়ারলাইন্স বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক রুটে উন্নত মানের সেবা দিলেও বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও সেবা দিচ্ছে। বিষয়টি বেবিচকের নজরে এসেছে। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীরা যে মানের স্বাচ্ছন্দ্য ও সুবিধা পান, বাংলাদেশের যাত্রীদের ক্ষেত্রেও একই মানের সেবা নিশ্চিত করতে হবে। সেবার মানের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য সহ্য করা হবে না।


উড়োজাহাজের পরিচ্ছন্নতার বিষয়ে চিঠিতে বলা হয়, বেবিচকের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা একাধিক এয়ারলাইন্সের উড়োজাহাজের কেবিন ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না। অনেক ক্ষেত্রেই আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন পাওয়া গেছে। যাত্রীদের স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে কেবিন যথাযথভাবে পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


নির্দেশনায় আরও জানানো হয়, এসব বিষয়ের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও সেবার মান যাচাই করতে বেবিচক নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News