বিমানবন্দরে প্রবাসীর হারানো স্বর্ণ কুমিল্লা থেকে উদ্ধার
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 14, 2026
শাহজালাল বিমানবন্দরে হারিয়ে যাওয়া প্রায় ১০০ গ্রাম সোনা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে । ছবি- ইমিগ্রেশন, সংগৃহীত
শাহজালাল বিমানবন্দরে পকেট থেকে পড়ে যাওয়া প্রায় একশ গ্রাম সোনা হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন এক প্রবাসী। আর পড়ে যাওয়া সেই সোনার ব্যাগ কুড়িয়ে নিয়েছিলেন আরেক প্রবাসী। কিন্তু বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কাস্টমস, গোয়েন্দা সংস্থা, ইমিগ্রেশন, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত কুমিল্লার মেঘনা উপজেলা থেকে সেই সোনা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিককে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান।
পোস্টে তিনি জানান, বিদেশ থেকে ফেরার পর শাহজালাল বিমানবন্দরের কাস্টমস এলাকায় তৌহিদ নামের এক প্রবাসীর পকেট থেকে সোনাভর্তি একটি ছোট ব্যাগ নিচে পড়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি টের পাননি। সে সময় পেছনে থাকা রুহুল নামের অপর এক প্রবাসী জুতার ফিতা বাঁধার ভান করে ব্যাগটি তুলে নেন এবং ব্যাগে কী আছে তা না দেখেই নিজের পকেটে ভরে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন।
ম্যাজিস্ট্রেট নওশাদ জানান, কিছুক্ষণ পর তৌহিদ তার পকেটে সোনার ব্যাগটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং কাস্টমস ও এভসেক-এর সহায়তা চান। সিসিটিভি ফুটেজ যাচাই করে সোনাটি অন্য এক প্রবাসীর নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও ঘটনাস্থলের ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে ওই ব্যক্তির চেহারা স্পষ্ট ছিল না। পরবর্তীতে ভুক্তভোগী এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হলে গোয়েন্দা সংস্থা ও এভসেক-এর সহায়তায় বিমানবন্দরের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তির স্পষ্ট ছবি শনাক্ত করা হয়। এরপর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তার পাসপোর্টের তথ্য ও ঠিকানা সংগ্রহ করা হয়।
তিনি আরও জানান, পাসপোর্টে দেওয়া জরুরি যোগাযোগের নম্বরটি বন্ধ পাওয়া গেলে গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কুমিল্লার মেঘনা উপজেলায় তার অবস্থান শনাক্ত করা হয়। এয়ারপোর্ট থানার সহায়তায় মেঘনা থানা পুলিশ রুহুলের সাথে যোগাযোগ করে এবং সোনা ফেরত না দিলে পাসপোর্ট ব্লক করাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেয়।
শুরুতে অভিযোগ অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজের কথা জেনে এবং পরিবারের সদস্যদের মধ্যস্থতায় রুহুল নিজের ভুল স্বীকার করে সোনা ফেরত দিতে রাজি হন। ভুক্তভোগী প্রবাসী যেন কোনো ধরনের হয়রানি বা আর্থিক লেনদেন ছাড়াই সোনা ফিরে পান, সে বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে স্থানীয় প্রশাসন ও পুলিশের সার্বক্ষণিক তদারকিতে সোনাগুলো উদ্ধার করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বৈধ অধিকার ক্ষুণ্ন হলে বা সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার হলে ২৪ ঘণ্টা খোলা থাকা এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে (১ নম্বর টার্মিনালের ১ নম্বর গেটের পাশে) অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া বিমানবন্দর সংক্রান্ত তথ্য, অভিযোগ বা পরামর্শের জন্য সার্বক্ষণিক হটলাইন ১৩৬০০ নম্বরে যোগাযোগ করা যাবে।