২০২৭ সালের মার্চে মাল্টায় ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, November 24, 2026
সংগৃহীত
২০২৭ সালের ২২ মার্চ থেকে মাল্টায় আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। দোহা থেকে মাল্টার মধ্যে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইনসটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাতার এয়ারওয়েজ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি সপ্তাহের সোমবার, বুধবার ও শনিবার ফ্লাইট চলবে। কিউআর৩৮১ নম্বর ফ্লাইটটি দোহা থেকে রাত ২টা ২০ মিনিটে ছেড়ে মাল্টায় পৌঁছাবে সকাল ৬টা ৪৫ মিনিটে। ফিরতি ফ্লাইট কিউআর৩৮২ মাল্টা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে দোহায় পৌঁছাবে বিকেল ৪টা ৩৫ মিনিটে। তবে উল্লেখ করা সময়গুলো স্থানীয় সময় কি না, তা জানায়নি এয়ারলাইনসটি।
এই রুটে ১৩২ আসনের এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ। এতে বিজনেস ক্লাসে ১২টি ফ্ল্যাটবেড আসন এবং ইকোনমি ক্লাসে ১২০টি আসন থাকবে।
কাতার এয়ারওয়েজ জানিয়েছে, দোহাকে সংযোগস্থল হিসেবে ব্যবহার করে মাল্টা থেকে যাত্রীরা অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ ১৭০টির বেশি গন্তব্যে যেতে পারবেন।
এয়ারলাইনসটির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যাচ্ছে। প্রিভিলেজ ক্লাবের সদস্যরা এ যাত্রায় অ্যাভিওস পয়েন্ট অর্জন ও ব্যবহার করতে পারবেন।